স্নেহের কবিতা,
একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল ; কতো হুলস্থূল অনটন আজন্ম ভেতরে আমার । তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব ঝেড়ে মুছে মানুষের আয়ত্বাধীন দ্রুততম গতিতে পৌছুবো, পরিণত প্রণয়ের উত্সমূল ছোঁব , পথে এতোটুকু দেরীও করবো না । তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান হবো, তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো । একবার আমন্ত্রণ পেলে সবকিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেবো উজাড় উড়াল, অভয়ারণ্য হবে কথা দিলে লোকালয়ে থাকবো না আর । আমরণ পাখি হয়ে যাবো, খাবো মৌনতা তোমার ।
0 comments:
Post a Comment